নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্টারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন ১১ জন দলিল লেখক। বুধবার দুপুরে ডাকযোগে এ লিগ্যাল নোটিশ প্রেরণ করেন দলিল লেখকদের আইনজীবী এ্যাড.সাইফুল ইসলাম রেজা। লিগ্যাল নোটিশ প্রাপ্তির পর সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সাব-রেজিস্টারসহ অত্র অফিসের চারজন স্টাফের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
শিবগঞ্জ সাব-রেজিস্টি অফিসের দলিল লেখক রাকিমুল আলম বলেন, সাব-রেজিস্টারের নানা অনিয়ম, দূর্ণীতির বিরুদ্ধে ১৬১ জন দলিল লেখক গত ৬ ফেব্রুয়ারি হতে কলম বিরতি ঘোষনা করে এবং তার অপসারনের দাবিতে আন্দোলন শুরু করে। এরই প্রেক্ষিতে জেলা রেজিস্টার তাকে (রাকিমুল) কারন দর্শানো নোটিশ প্রদান করেন। নোটিশের সদুত্তর দেয়ার পরেও সম্পূর্ণ অযৌক্তিকভাবে তাকে দলিল লেখা হতে বিরত থাকতে বলেন সাব-রেজিস্টার। এভাবে বিভিন্ন উপায়ে আন্দোলনের শীর্ষ নেতা ১১ জনকে হয়রানি করছেন সাব-রেজিস্টার।
রাকিমুল বলেন, সাব-রেজিস্টারের ঘুষ লেনদেনসহ নানা অভিযোগে চলমান আন্দোলনের আহবায়ক হবার কারণে তাকে হয়রানি করার অসৎ উদ্দেশ্যে তাকে দলিল লেখা হতে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে সাব-রেজিস্টার নানান অপপ্রচার চালাচ্ছেন বলে জানান রাকিমুল।
শিবগঞ্জ দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আশরাফুল হক বলেন, সাব-রেজিস্টারের অনিয়ম-দুর্নীতি ঢাকতে আন্দোলনরত দলিল লেখক সমিতির শীর্ষ ১১ নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ করছেন সাব-রেজিস্টার। শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসকে দূর্ণীতিমুক্ত করতে এবং দলিল লেখকদের উপর অন্যায় অত্যাচার বন্ধ করার লক্ষে তারা আইনের আশ্রয় নিয়ে সাব-রেজিস্টারকে লিগ্যাল নোটিশ দেয়া হলো। এর প্রতিকার না হলে আদালতে মামলা দায়ের করা হবে। দূর্ণীতির বিরদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আশরাফুল হক।
