টানা দুই দিনের চরম দুর্ভোগের পর চাঁপাইনবাবগঞ্জে অঘোষিত বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার গতকাল (২ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে আবারও চাঁপাই থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লা রুটের বাস চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা রুটের বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে অঘোষিত বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে কার্যত সড়ক পথে অচল হয়ে পড়ে চাঁপাইনবাবগঞ্জ। এতে যাত্রীদের মধ্যে অসহনীয় দুর্ভোগ নেমে আসে। সোমবার (১ মার্চ) সকাল থেকে আকস্মিক পরিবহন ধর্মঘট শুরু হয়। তা মঙ্গলবার গড়ায় দ্বিতীয় দিনে। ঠিক কখন নাগাদ আবার বাস চলাচল শুরু হবে সে ব্যাপারে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছিলেন না।
পরিবহন নেতারা বলেন, বগুড়ায় তাদের দুই শ্রমিককে মারধর ও বাস চলাচলে সড়কে নিরাপত্তার আশঙ্কায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে বিএনপির নেতারা বলেন, মঙ্গলবারের রাজশাহী বিভাগীয় সমাবেশ পণ্ড করার জন্য সোমবার থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যানবাহন চলাচল অব্যাহত আছে।
