কক্সবাজারের খরুলিয়া বাজার এলাকায় গণধোলাইয়ের শিকার এক ইয়াবা ব্যবসায়ী থানা হেফাজতে মারা যাওয়ার ঘটনায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মারা যাওয়া নবী হোসেন (৩৮) সদরের বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দু শক্কুরের ছেলে
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, এক ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে আটক করে রাখার খবর পেয়ে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। সকালে তিনি অসুস্থবোধ করলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
এদিকে এ ঘটনায় কক্সবাজার সদর থানার ওসি সৈয়দ মো. শাহজাহান কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন। তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দফতরও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
